মোহনগঞ্জে যুবককে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ঝুটন বণিক (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় গত রোববার রাতে মামলা হয়েছে। পুলিশ ওই দুই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
মোহনগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার নিহার রঞ্জন নামের এক ব্যক্তির বাসায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উলুকান্দি গ্রামের ঝুটন বণিক ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ধনপুর গ্রামের জগবন্ধু বর্মন বেশ কয়েক বছর ধরে ভাড়াটে হিসেবে বাস করে আসছেন। গত শনিবার বিকেলে বাসার সামনের খালি জায়গায় রশি টানিয়ে কাপড় শুকানোকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে গত রোববার সকালে জগবন্ধু বর্মনের পরিবারের সদস্যরা ঝুটন বণিক (৩২) ও তাঁর স্ত্রী জয়া বণিকের (২৬) ওপর হামলা চালায়। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ঝুটন মারা যান।
এই ঘটনায় পুলিশ রোববার বেলা দুইটার দিকে জগবন্ধু বর্মনের স্ত্রী মুক্তা বর্মন তাঁর দুই মেয়ে নিহারিকা বর্মন ও স্বপ্না বর্মনকে দৌলতপুর এলাকার ভাড়াটে বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা শিবু বণিক বাদী হয়ে জগবন্ধু বর্মনসহ ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ মামলার জগবন্ধুর স্ত্রী ও তাঁর দুই মেয়েকে গ্রেপ্তার করে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।