মোহনগঞ্জে শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যবসায়ী করোনা 'পজিটিভ'
নেত্রকোনার মোহনগঞ্জে জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাব থেকে পাঠানো তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ উল্লেখ করা হয়। নেত্রকোনার সিভিল সার্জন তাজুল ইসলাম খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাজুল ইসলাম খান বলেন, ওই ব্যবসায়ী (৪৮) গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। পরে তাঁর নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাঁকে বাড়িতে গিয়ে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। হাসপাতাল থেকে তিনি মোহনগঞ্জ পৌর শহরে অবস্থিত তাঁর ভাগনের বাসায় চলে যান। শুক্রবার রাতে তিনি সেখানে মারা যান।
সিভিল সার্জন আরও বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়ায় সতর্কতা অবলম্বন করে ওই ব্যবসায়ীর লাশ দাহ করা হয়েছিল। এ ছাড়া যে বাসায় তিনি মারা গিয়েছিলেন, সেই বাসার চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। কিন্তু তাঁদের করোনা শনাক্ত হয়নি। এই পরিস্থিতিতে ওই ব্যক্তির সংস্পর্শে আসা স্বজনদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। এ ঘটনায় মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যরা আপাতত ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত নেত্রকোনার ১০ উপজেলা থেকে ১ হাজার ৭৮০টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১ হাজার ৫৩৮টির প্রতিবেদন পাওয়া গেছে। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।