মোহনগঞ্জের সেই সড়কে ফেলা হচ্ছে খোয়া ও বালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর থেকে বসুন্ধরা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। 
এতে দুই বছর ধরে এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল শুক্রবার সকাল থেকে এই সড়কের ছোট-বড় গর্তে ইটের খোয়া ও বালু ফেলার কাজ শুরু করেছে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
১ জুন ওই সড়ক নিয়ে ‘মোহনগঞ্জ শহরের প্রধান সড়কটি খানাখন্দে ভরা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর সওজ বিভাগ এই সড়কে ওই ইটের খোয়া ও বালু ফেলার কাজ শুরু করে।
সওজ নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান প্রথম আলোকে বলেন, ‘আমি গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে সড়কটি দেখেছি। প্রাথমিকভাবে ওই সড়কটি মানুষ ও যান চলাচলের উপযোগী করতে ছোট-বড় গর্তে ইটের
খোয়া ও বালু ফেলার কাজ শুরু হয়েছে।
আগামী দুই দিনের মধ্যেই এ কাজ সম্পন্ন হবে।’ তিনি আরও বলেন, ‘বারহাট্টার উপজেলা সদর থেকে ধরমপাশার কংস সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের উন্নয়নকাজও ইতিমধ্যে শুরু হয়েছে। ছয় কিলোমিটারের কাজ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মধ্যে সড়কের অবশিষ্ট অংশের উন্নয়নকাজ শেষ হবে বলে আশা করছি।’