মোহনপুরে আকস্মিক ফাটল আতঙ্কে ২৫ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলার নওপাড়া গ্রামের প্রায় আধা কিলোমিটার এলাকায় আকস্মিক ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকদের তথ্যমতে, আমবাগান, উঁচু ভিটা ও বাড়িঘরের ভেতরে সৃষ্ট এ ফাটলের গভীরতা সুনির্দিষ্টভাবে মাপা না গেলেও কোথাও কোথাও তা চার-পাঁচ ফুটের মতো। ফাটলের প্রস্থ দুই ইঞ্চি থেকে দুই ফুট। এতে গ্রামের ২৫টি পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।গতকাল রোববার নওপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, বারনই নদীর ধারে আমবাগানে ফাটল দেখতে মানুষের ভিড়। নদীর প্রায় দেড় শ গজ পশ্চিমে ওই আমবাগান থেকে ফাটল শুরু হয়ে তা গ্রামের বসতঘর পর্যন্ত বিস্তৃত। ফাটলের পাশে রয়েছে আকবর আলীর বাড়ি। তাঁর স্ত্রী ফুলসুরা বেগম (১৮) জানান, শুক্রবারও ফাটলের প্রস্থ খুবই কম ছিল। শনিবার সকালে সেই প্রস্থ আরও বেড়েছে। গ্রামের বাসিন্দা নূর আলম বলেন, তাঁর চাচা আকবর ও আবদুল হান্নান গত শনিবার সকাল আটটার দিকে হঠাৎ একটি শব্দ শোনেন। তার পরপরই ফাটলটি দেখা যায়। আবদুল হান্নান বলেন, ফাটল অংশে নামার পর প্রথমে এর গভীরতা বুক সমান মনে হয়েছিল। এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, সাধারণত কোনো জায়গায় মাটির সংযুক্তি ক্ষমতা হারালে এমন ফাটল তৈরি হতে পারে। আবার মাটির নিচে পিট (নিম্নমানের কয়লা) থাকলেও এমনটি হতে পারে।