মোহনপুরে ছাত্র অপহরণ
রাজশাহীর মোহনপুর উপজেলায় কিষ্টপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। উপজেলার কিষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশুর নাম মাহফুজুর রহমান। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুর সোমবার প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে খেয়ে আবার বিদ্যালয়ে যায়। তারপর আর সে ফিরে আসেনি। বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১০টার দিকে মাহফুজ জানায়, সে পেটে ব্যথা অনুভব করছে। তিনি তাকে বাড়ি যাওয়ার পরামর্শ দেন। তখন সে বিদ্যালয়ের কাছেই নিজেদের বাড়িতে চলে যায়।ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহফুজের বাবা আবদুর রউফের মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি মাহফুজের মুক্তির বিনিময়ে ১০ লাখ টাকা দাবি করে। তবে কোথায়, কখন, কীভাবে টাকা দিতে হবে তা জানায়নি। সোমবার রাত নয়টার দিকে আবদুর রউফ মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোবাইল ফোনের সূত্র ধরে অপরাধীকে আটকের চেষ্টা চলছে।