মোহনপুরে ডুবেছে যুবদলের ত্রাণের নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর মোহনপুর উপজেলায় সোমবার বন্যার্তদের ত্রাণ দিতে যাওয়ার সময় যুবদলের একটি ত্রাণবাহী নৌকা ডুবে যায়। ছবি: প্রথম আলো
রাজশাহীর মোহনপুর উপজেলায় সোমবার বন্যার্তদের ত্রাণ দিতে যাওয়ার সময় যুবদলের একটি ত্রাণবাহী নৌকা ডুবে যায়। ছবি: প্রথম আলো

রাজশাহীর মোহনপুর উপজেলায় বন্যার্তদের ত্রাণ দিতে যাওয়ার সময় রাজশাহী মহানগর যুবদলের ত্রাণবাহী একটি নৌকা ডুবে গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার হিন্নার বিলের কিনারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, হিন্নার বিল থেকে নৌকা ছাড়ার সঙ্গে সঙ্গে ত্রাণবাহী দুটি নৌকার একটি ডুবে যায়। দলীয় কর্মীরা পানি থেকে কিছু ত্রাণসামগ্রী উদ্ধার করেন। ত্রাণ বিতরণকারী দলে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ৪০০ পরিবারের মধ্যে বিতরণের জন্য দুটি নৌকায় করে চাল, ডাল, পাউরুটি, বিস্কুট, চিনি, ওষুধসহ ১১ ধরনের জিনিসপত্র নৌকায় নেওয়া হয়েছিল। একটি নৌকা ঘাট থেকে ছাড়ার সময় ডুবে যায়। পরে প্যাকেটগুলো উদ্ধার করা হয়েছে। কিন্তু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। অন্য প্যাকেট এলাকায় বিতরণ করা হয়েছে।