মোহনপুরে বাঁধ ভেঙে পানির নিচে অর্ধশত গ্রামের ফসল
রাজশাহীর মোহনপুর উপজেলার শিব নদের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে উপজেলার অর্ধশত গ্রামের ফসল তলিয়ে গেছে। গত তিন দিন থেকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শুধু প্রস্তুতি নিচ্ছে, কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত ভাঙন ঠেকাতে তারা কোনো পদক্ষেপ নেয়নি।
শিব নদের পূর্ব পাড় দিয়ে একটি বেড়িবাঁধ রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পানি বের করতে এই বাঁধে কয়েকটি ‘আউটলেট’ রয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গত রোববার দুপুর ১২টার পর থেকে ভীমনগর এলাকার একটি আউটলেটের পাশ দিয়ে অল্প অল্প করে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে বাঁধ ভেঙে ‘আউটলেট’ ভেসে যায়। শুধু তা-ই নয়, বাঁধের বড় কয়েকটি গাছও পানির তোড়ে ভেঙে যায়। বিদ্যুতের খুঁটিও ভেঙে পানিতে পড়ে। এতে এই তিন দিনে উপজেলার প্রায় অর্ধশত গ্রামের ফসল পানিতে তলিয়ে গেছে।
ধুরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নেই বন্যার পানি ঢুকে পড়েছে। এই পানি নওগাঁর মান্দা ও রাজশাহীর পবায় ঢুকেছে। তিন দিনে শতাধিক গ্রামের ধান, বরজের পান, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। পাউবোর কাজে ধীরগতির কারণে এলাকার মানুষ সন্তুষ্ট হতে পারছে না।
মোহনপুরে গত সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, বাঁধের ভাঙনের জায়গাটি বড় হতে হতে প্রায় ৬০ ফুট লম্বা হয়েছে। বাঁধের ভাঙা জায়গার গাছগুলো অনেক দূরে ভেসে গিয়ে আটকে রয়েছে। বাঁধের ওপরে বিদ্যুতের খুঁটি ছিল, তা-ও ভেঙে পড়েছে। পড়ে যাওয়া খুঁটির তারের একাংশ পানির মধ্যে ডুবে রয়েছে। ভীমনগর গ্রাম থেকে বাঁধের কাছে আসার রাস্তাটি রাতের মধ্যে তলিয়ে গেছে।
পার মহব্বতপুর গ্রামের আবু বাক্কার (৫৫) ভীমনগর মাঠে ১১ বিঘা জমিতে আমন ধান চাষ করেন। তিনি বলেন, তাঁর আর কিছু নেই। সব একবুক পানির নিচে তলিয়ে গেছে। এখন বাড়ির কাছে মাত্র ১০ কাঠা জমিতে ধান রয়েছে। বাঁধের ভাঙা জায়গা ঠেকাতে না পারলে তাঁর ওইটুকু জমির ধানও আর ঘরে উঠবে না। ভীমনগর গ্রামের বেলাল উদ্দিন বলেন, তিনি চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন, সব এই শিব নদের পানিতে তলিয়ে গেছে। বাড়ির কাছে পানবরজ রয়েছে। যদি পানি বন্ধ না করা যায়, তাহলে তাঁর পানের বরজটাও নষ্ট হয়ে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন গত সোমবার বিকেলে বলেন, তাঁদের ৬৭৯ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
রাজশাহী পাউবোর সেকশন অফিসার আবদুর রাজ্জাক কয়েকজন শ্রমিকের নিয়ে ভাঙনের জায়গায় কাজ করছেন। তিনি বলেন, কাল (বুধবার) থেকে তাঁরা ভাঙা স্থানে বস্তা ফেলতে পারবেন। রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ গত রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পাউবো কাজ শুরু করেছে।