মোহনপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগ
রাজশাহীর মোহনপুরে এক শিক্ষকের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ওই শিক্ষকের নাম আকবর আলী। তাঁর বাড়ি মোহনপুর উপজেলার খয়রা গ্রামে। তিনি উপজেলার বসন্তকেদার বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আকবর আলী জানান, লোডশেডিংয়ের সময় গরমের কারণে তাঁরা বারান্দায় ঘুমান। বাড়ির চারদিক প্রাচীর দিয়ে ঘেরা। গত বৃহস্পতিবার রাতে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘরের ভেতরে শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। তাঁরা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, বিছানায় আগুন জ্বলছে। এ সময় বাইরের লোকজনও বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন।
আকবর আলী বলেন, ঘরের জানালা দিয়ে কেউ ভেতরে আগুন ছুড়ে মেরেছে। তাঁরা দুটি বোতলের অংশ খুঁজে পেয়েছেন। তাঁদের ধারণা, বোতলের ভেতরে হয়তো পেট্রল–জাতীয় কিছু ভরে মুখে আগুন দিয়ে ঘরের ভেতরে ছুড়ে মারা হয়েছে। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে রাত একটার দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ তাঁর বাড়িতে আসেন। মাসুদ পারভেজ বলেন, বাইরে থেকে একটা কাঠিতে করে সম্ভবত আগুন লাগানো হয়েছে। শিক্ষক অভিযোগ করলে তাঁরা আইনি ব্যবস্থা নেবেন।