মোহনা হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার পর সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর চিকিৎসায় অবহেলার অভিযোগে মোহনা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা হাসপাতালটি ঘুরে দেখে এর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে প্রতিনিধিদলটি হাসপাতালের কার্যক্রম দেখে এ সিদ্ধান্তের কথা জানায়।

২৯ নভেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক জগলুল আহমেদ চৌধূরী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া ইমরুল কায়েস নামের এক যুবক জানিয়েছিলেন, তাঁকে উদ্ধার করে প্রথমে পান্থপথ মোড়ে মোহনা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে চিকিৎসা দিতে অপারগতা জানানো হয়। পরে তাঁকে আরেকটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণ তদন্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে।