মোহনীয় হলুদ ময়ূরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলুদ ময়ূরী ষ ছবি: লেখক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলুদ ময়ূরী ষ ছবি: লেখক

একটা গাঁদা ফুলের ওপর ও বসে ছিল। সোহরাওয়ার্দী উদ্যানে। সেই কিশোরকাল থেকে ওকে যতবার দেখেছি, ওর মোহনীয় রূপে ততবারই মুগ্ধ হয়েছি। ওকে আমার এতটাই ভালো লেগেছিল যে সেই কিশোর বয়সেই ওকে চিরজীবন ধরে রাখার চেষ্টা করেছিলাম। অর্থাত্ মমি করে রাখার চেষ্টা করেছিলাম, যদিও বেশি দিন টেকেনি। যাক, ওকে যেমন ঢাকা শহরে দেখেছি, তেমনি দেখেছি গ্রামে, পাহাড়ি এলাকায়, গহিন জঙ্গলে, চা-বাগানে। এমনকি সাতছড়ি জাতীয় উদ্যানে রাতের বেলা তাকে ঘুমন্ত অবস্থায়ও দেখেছি। ও আছে প্রচুর সংখ্যায় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তাই ওর সঙ্গে আমার প্রায় প্রতিদিনই দেখা হয়।

এতক্ষণ যার কথা বললাম, সে এ দেশের অতিসুন্দর মোহনীয় এক প্রজাপতি, ‘হলদে ময়ূরী’ (Peacock Pansy)। হলদে রঙের এই প্রজাপতির ডানায় ময়ূরের পালকের মতো চোখ থাকে বলেই এই নাম। ‘সোনালি চক্র’, ‘স্বর্ণচক্র’ বা ‘নয়ন’ নামেও পরিচিত। Nymphalidae পরিবারভুক্ত
এই প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Junonia almanac।

হলুদ ময়ূরী মাঝারি আকারের প্রজাপতি। প্রসারিত অবস্থায় ডানার মাপ ৬০ থেকে ৬৫ মিলিমিটার। এ দেশের প্রায় সব এলাকায়ই দেখা যায়। তবে জলার আশপাশে বেশি ঘুরঘুর করে। এ ছাড়া ফুলের বাগানে, বিশেষ করে গাঁদা, কসমস—এসব ফুলের আশপাশে বেশি দেখা যায়। সকালে এরা যখন ঝোপঝাড়ের ছোট ছোট গাছের ওপর দুই ডানা মেলে রোদ পোহায়; দেখতে বেশ লাগে। সমুদ্রপৃষ্ঠের দুই হাজার মিটার উঁচুতেও দেখা যায়। হলদে ময়ূরীর দেহ ও ডানার ওপরের দিকটা গাঢ় হলদে বাদামি এবং নিচের দিকটা হালকা বাদামি রঙের। পেছনের ডানা দুটো দেখতে পাতার মতো। মেয়ে প্রজাপতির ডানার ওপরের রং হলুদ ও পুরুষের ক্ষেত্রে তা বাদামি। সামনের ও পেছনের প্রতিটি ডানায় দুটি করে রিং বা চক্র দেখা যায়; একটি বড় ও একটি ছোট। পেছনের ডানার বড় চক্রটি সামনের ডানার চক্রটির থেকে আকারে বড় এবং তাতে দুটি করে সাদা দাগ রয়েছে, যা হলুদ ও কালো বৃত্ত দিয়ে আবৃত থাকে। এগুলো দেখতে অনেকটা চোখের মতো।
সামনের ডানার ওপরের দিকে গাঢ় রঙের ডোরা রয়েছে। তা ছাড়া দুই ডানার প্রান্তে বাদামি রঙের ঢেউ খেলানো রয়েছে। মেয়ে প্রজাপতি উপযুক্ত গাছের পাতার নিচের দিকে ডিম পাড়ে। প্রতি পাতায় একটি মাত্র বেরেল আকারের সবুজ রঙের ডিম পাড়ে। ডিমের লম্বালম্বি অংশে খাঁজকাটা থাকে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন, তাইওয়ান প্রভৃতি দেশে এই প্রজাপতি দেখা যায়।