মোহনের ঘর ভরেছে পুরস্কারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি তুরস্ক সফর করে আসা খুদে নৃত্যশিল্পী মোহন মিয়ার সঙ্গে তার মা আশিকুল  বেগম l ছবি: প্রথম আলো
সম্প্রতি তুরস্ক সফর করে আসা খুদে নৃত্যশিল্পী মোহন মিয়ার সঙ্গে তার মা আশিকুল বেগম l ছবি: প্রথম আলো

হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশু মোহন মিয়া শিশু একাডেমীর সাংস্কৃতিক প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কে গিয়ে সবাইকে মুগ্ধ করেছে তার নাচে। এর আগেও সে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ১১ বার পুরস্কার লাভ করেছে।

গতকাল রোববার দুপুরে ১৩ বছরের মোহন মিয়ার সঙ্গে কথা হয় রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে। মাত্রই আগের দিন সে ফিরেছে তুরস্ক থেকে। মুখ-চোখে কিছুটা ভ্রমণজনিত ক্লান্তি আর অসাধারণ এক অভিজ্ঞতার আনন্দের রেশ। সে গত ১৭ এপ্রিল তুরস্কে গিয়েছিল বাংলাদেশ শিশু একাডেমীর সাংস্কৃতিক দলের সঙ্গে। একাডেমির পরিচালক আনজীর লিটনের নেতৃত্বে ১৪ সদস্যের শিশুদের এই দলে মোহনই ছিল একমাত্র সুবিধাবঞ্চিত শিশু। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওগুলোর সংগঠন ‘টিআর’ দেশটির নেভশিহির শহরে ৩৯তম আন্তর্জাতিক শিশু উৎসবের আয়োজন করে। তাদের আমন্ত্রণে বাংলাদেশসহ ২৬টি দেশের শিশুরা অংশ নেয় এই উৎসবে। এই উৎসবে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ এবং লোকগান ‘ঢোল বাজে ঢোল বাজে বাংলাদেশের ঢোল’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে। বাংলাদেশের শিশুদের নাচ তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। তাদের নাচ দর্শকদের মুগ্ধ করে। উৎসবে অংশগ্রহণকারী বাংলাদেশি শিশুদের তুরস্কের প্রেসিডেন্ট ট্যাব ও প্রধানমন্ত্রী হাতঘড়ি উপহার দিয়েছেন। প্রেসিডেন্ট শিশুদের জন্য নৈশভোজেরও আয়োজন করেন।

খুশিতে ডগমগ মোহন মিয়া বলছিল ‘এই যে আমার হাতে এই ঘড়ি দেখছেন, তুরস্কের প্রধানমন্ত্রী এই ঘড়ি উপহার দিয়েছেন। আর প্রেসিডেন্ট দিয়েছেন এই ট্যাব। প্রেসিডেন্ট তো তাঁর সঙ্গে খাওয়ার জন্যও দাওয়াত (নৈশভোজ) দিয়েছিলেন। দেশটি খুব সুন্দর। মানুষও ভালো। আমি মোটামুটি ইংরেজি বলতে পারি, কিন্তু ও দেশের মানুষ ইংরেজি জানে না। খালি বলে মারহাবা, মারহাবা।’

মোহন মিয়ার বাবা মন্টু মিয়া মাছ বিক্রেতা। কথাবার্তায় জানা গেল, হবিগঞ্জের বাউসা ইউনিয়নে তাদের বাড়ি। মোহন তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয়। বড় বোন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট ভাই ব্র্যাকের স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ছে। মোহনও ব্র্যাকের এই স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে। এখন সপ্তম শ্রেণিতে পড়ছে স্থানীয় হোমল্যান্ড আইডিয়াল স্কুলে। ওর প্রতিভায় মুগ্ধ স্কুল কর্তৃপক্ষ। বেতন মওকুফ করে দিয়েছে।

মোহনের মা আশিকুল বেগম জানালেন, প্রাথমিক স্কুল থেকেই ওর নাচের প্রতি খুব আগ্রহ। স্কুলেই নাচ শিখত। ২০১৪ সালে ব্র্যাক শিক্ষা কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘তারায় তারায় দীপশিখা’-এর আওতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় নাচে প্রথম স্থান অধিকার করে মোহন। সেই শুরু। তারপর একের পর এক পুরস্কার। নৃত্যে জাতীয় পর্যায়ের পুরস্কারই পেয়েছে ১১ বার। মোহন নিজেই পুরস্কারের তালিকা বলতে থাকে, ‘বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মার্কস অলরাউন্ডার, আমানউল্লাহ পদক...’ আন্তপ্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা নেওয়ার কথা বলার সময় ঝলমল করে ওঠে তার মুখ। সে বলছিল, ‘বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিচারক তো আমার নাচ দেখে স্যালুটই দিয়ে দিলেন।’ এভাবে তার পুরস্কার পাওয়ার তালিকা দিনে দিনে বেড়েই যাচ্ছে। আর তাদের ছোট্ট ঘরটি ভরে উঠছে সোনার মেডেল, সনদ, কম্পিউটারসহ নানান পুরস্কারে।

মোহনের এই পর্যায়ে আসতে নিজের আগ্রহ–চেষ্টার পাশাপাশি তার বাবা ও মাকেও সংগ্রাম করতে হচ্ছে। ছেলেকে নাচ শেখানোর জন্যও মানুষের কাছ থেকে কম খারাপ কথা শুনতে হয়নি। আর এখন নাচের প্রতিযোগিতায় অংশ নিতে হলে পোশাক বানানোসহ অনেক খরচ। তুরস্কে যাওয়ার জন্য ব্র্যাকের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা পাওয়া যায়। তুরস্কে যাওয়া-আসা, সেখানে থাকার জন্যও কোনো খরচ লাগেনি। কিন্তু পাসপোর্ট করা, জুতা থেকে শুরু করে নানান কেনাকাটা, ছেলের হাতে কিছু ডলার দিয়ে দেওয়া, তুরস্কে যাওয়ার আগে প্রায় ১৮ দিন ঢাকায় থাকা-খাওয়াসহ বিভিন্ন খাতে ৫০ হাজার টাকার বেশি খরচ করতে হয়েছে মোহনের বাবা-মাকে।

তুরস্কের এই সফর ও মোহন মিয়া সম্পর্কে একাডেমীর পরিচালক আনজীর লিটন প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই সফরে অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য। সারা দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে অডিশন দিয়ে ১৪ জনকে নির্বাচন করা হয়েছে। মোহন খুবই প্রতিভাবান। দেশে এবং বিদেশেও তার পরিবেশনায় সবাই মুগ্ধ। তার মতো সুবিধাবঞ্চিত শিশু এই প্রথম শিশু একাডেমীর প্রতিনিধিদলে অংশ নিয়ে বিদেশে গেল। এতে আমাদের দলটিও সমৃদ্ধ হয়েছে।’

ব্র্যাকের সহশিক্ষা কার্যক্রমের পরামর্শক কামরুন নেসা হাসান বলেন, ও এক অনন্য প্রতিভাবান ছেলে। ব্র্যাকের পক্ষ থেকে তাকে বিভিন্ন প্রতিযোগিতার খোঁজখবর জানানো হয়। নিজের যোগ্যতায় সে পুরস্কার জয় করে এনেছে।

মোহনের মা-বাবা জানালেন, অভাব-অনটন যা-ই থাক, তার ভেতরেই তাঁরা ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখছেন। মোহন মিয়া সেই স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

গতকালই বাড়ি ফেরার তাড়া ছিল। বিদায় নেওয়ার সময় মোহন বলল, ‘সবাইকে বলবেন আমার জন্য দোয়া করতে।’