চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মোহাইমেনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তিনি আগের দেওয়া বক্তব্যের বাইরে নতুন কিছুই বলছেন না। মোহাইমেনের মুক্তি দাবিতে সহপাঠী, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা গতকাল বুধবার চট্টগ্রাম নগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পাঁচলাইশ থানায় রাখা মোহাইমেনকে গতকাল রাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন নগর ও রেল পুলিশের কর্মকর্তারা। কিন্তু মোহাইমেন নতুন কোনো তথ্য দেননি। ইতিমধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রামের রেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ। স্থানীয় চায়ের দোকানি খুরশিদ ও একজন মহিলা তদন্ত কর্মকর্তার কাছে ঘটনার বর্ণনা দেন। তাঁরা বলেন, চার-পাঁচজন হামলাকারী হত্যাকাণ্ড শেষে উল্টো দিকে অর্থাত্ রেললাইন ধরে ষোলশহর দুই নম্বর গেটের দিকে পালিয়ে যায়। তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা জানান, মোহাইমেন ও মহিউদ্দিনের সঙ্গে কার কার বিরোধ থাকতে পারে—সেটা এখন গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মোহাইমেনের সহপাঠী, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তাঁর মুক্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এর আগে প্রেসক্লাবের হল রুমে তাঁরা সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মঈনুল হক। বক্তব্যে বলা হয়, ‘মোহাইমেন বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বর্ধিত ভবনের ৪/৯ নম্বর কক্ষে থাকতেন। তিনি আকস্মিক ঘটনার শিকার।