মোহাম্মদ আলী হত্যার রহস্য চার বছরেও উদ্ঘাটিত হয়নি
চার বছর পরেও বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৪ মে থেকে এ ঘটনায় হওয়া মামলার পুনঃ তদন্ত শুরু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজশাহী বিভাগের বিশেষ পুলিশ সুপার হাসান বারী নূর ২৪ মে এ মামলার তদন্ত তদারকি করার জন্য তালোড়ায় আসেন। এ সময় তিনি চেয়ারম্যানের লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ইউপি ভবনে মামলার বাদী নিহত চেয়ারম্যানের ছোট ভাই মেহেরুল ইসলাম ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। নিহত মোহাম্মদ আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি মোহাম্মদ আলী নিখোঁজ হন। ১০ দিন পর কাহালু উপজেলার ইস্যুমুলের রেলঘুমটির পাশের একটি খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার পরদিন মেহেরুল ইসলাম কাহালু থানায় মামলা করেন। পরে এ মামলা তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রহস্য উদ্ঘাটন করতে দেরি হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার হাসান বারী নূর বলেন, ‘মোহাম্মদ আলী হত্যার মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আছে। আমরা হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছি।’