মোহাম্মদ আলীকে অব্যাহতি দেওয়ার সুপারিশ হাতিয়ায় আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীকে দল থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্তে হাতিয়ায় দলীয় নেতা-কর্মীদের একাংশ গতকাল বুধবার আনন্দ মিছিল করেছে।গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বর্ধিত সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদ আলীকে দলের প্রাথমিক সদস্য পদ ও জেলা সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিকেলে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মোহাম্মদ আলীকে দল থেকে অব্যাহতির সুপারিশ দ্রুত বাস্তবায়নে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে দাবি জানান।উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ এ কে এম মানছুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য কেফায়েত উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাছিমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।