মোহাম্মদ হানিফের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের চতুর্থ মৃত্যুবার্ষিকী গতকাল রোববার পালিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে এক স্মরণসভার আয়োজন করে।স্মরণসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, ‘মোহাম্মদ হানিফ যোগ্য ব্যক্তি ছিলেন বলেই বঙ্গবন্ধু নিজের আসনে তাঁকে মনোনয়ন দিয়েছিলেন। বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে তাঁর অভাব অনুভব করছি।’সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবীবুর রহমান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ফয়েজউদ্দিন মিয়া প্রমুখ।মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ মৈত্রী মিলনায়তনের মুক্তি ভবনে এক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, আবদুল হক, নিয়াজ মোহাম্মদ খান, অরুণ সরকার প্রমুখ। এর আগে মোহাম্মদ হানিফের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ ছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ দোয়া মাহফিলের আয়োজন করে।