মোহাম্মদ হানিফের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি।
১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকায় মোহাম্মদ হানিফের জন্ম। ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে তিনি বিপুল ভোটে জিতে মেয়র নির্বাচিত হন। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হন। তারপর থেকে অসুস্থই ছিলেন। ২০০৬ সালের ২৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন।
মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আছে সকাল সাড়ে নয়টায় আজিমপুর কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় নগর ভবনে দোয়া মাহফিল এবং বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল।