অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মানুষের মঙ্গলচিন্তা শিক্ষাবিদ মোহাম্মদ হাবিবুর রহমানকে সব সময় আচ্ছন্ন করে রাখত। তাঁর জীবনে সাম্যবাদ ও অসাম্প্রদায়িকতা ছিল ধ্রুবতারার মতো। সব ধরনের গোঁড়ামি, ধর্মান্ধতা ও কূপমণ্ডুকতার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তাঁর সাহস ও নৈতিকতা থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে।গতকাল শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাবিবুর রহমান স্মরণসভা ও মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের উদ্যোগে নগরের বন্দরবাজার এলাকার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। সভায় অন্য বক্তারা বলেন, চিন্তা-চেতনার দীনতা যখন আমাদের আশাহত ও পীড়িত করে তখন দু-একজন মানুষের চারিত্রিক দৃঢ়তা, প্রজ্ঞা, সাহস এবং প্রণোদনা দেদীপ্যমান বাতিঘর হিসেবে প্রতিভাত হয়। মোহাম্মদ হাবিবুর রহমান ছিলেন তেমনি একজন আলোকিত মানুষ।