মোহাম্মদপুর ও বনানীতে দুজনের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর ও বনানী এলাকায় গতকাল শুক্রবার পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁরা হলেন ইয়াসমিন আক্তার (১৮) ও আসিফ মাহমুদ (২৪)।
মোহাম্মদপুরে মনোমালিন্যের কারণে গৃহবধূ ইয়াসমিন বিষ পান করেন বলে জানান তাঁর স্বামী নূর হোসেন। গতকাল সন্ধ্যায় ওই এলাকার নবীনগর হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৫২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নূর হোসেন বলেন, প্রায় দেড় বছর আগে ইয়াসমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুজনের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। মোহাম্মদপুর এলাকার একটি পোশাক কারখানায় নূর হোসেন চাকরি করেন। পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল সন্ধ্যায় নূর হোসেন বাড়ি ফেরার পর আবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ঘরে গিয়ে ইয়াসমিন বিষ পান করেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন নূর হোসেন। রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
বনানী জিয়া কলোনি এলাকায় উড়ালসেতুর পাশে সড়ক দুর্ঘটনায় আসিফ মাহমুদ নামের এক যুবক মারা গেছেন। রামপুরায় নিজেদের বাড়িতে থাকতেন তিনি। আসিফ একটি বায়িং হাউসে চাকরি করতেন। এ ছাড়া তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পথচারীরা আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আসিফকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, পরিচয়পত্র দেখে আসিফের পরিবারকে খবর দেওয়া হয়। রাতে আসিফের ছোট ভাই আকিল অন্তু লাশটি শনাক্ত করেন।