মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিচারণা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে৷

 প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির এই আয়োজনের প্রথম দিন গতকাল বিদ্যালয়ের ক্যাম্পাসে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলন ঘটে৷ মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি এই উৎসবের আয়োজন করে।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাজানো হয়েছে স্কুল ক্যাম্পাস। সকাল থেকেই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উৎসবে অংশ নিতে স্কুল ক্যাম্পাসে আসতে থাকেন। পুরোনো দিনের সহপাঠীদের সঙ্গে মিলে তাঁরা মেতে ওঠেন ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণা ও আড্ডায়।

বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশের অর্থনীতি দিনে দিনে উন্নত হচ্ছে, কিন্তু সেই তুলনায় সাংস্কৃতিক বিকাশ ঘটছে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গান, নাটক, আবৃত্তি, ছবি আকায় আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন, গত বছরের জুলাইয়ে গুলশানের একটি রেস্তোরাঁয় ঠান্ডা মাথায় ২০ জনকে নির্মমভাবে হত্যা করেছিল তরুণ বয়সী দানবেরা। এই দানবদের মনে দেশপ্রেম ছিল না। তরুণ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের সংস্কৃতিমনা করতে হবে। আরও বক্তব্য দেন সাংসদ জাহাঙ্গীর কবির নানক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কামাল মোস্তফা। সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বাহাউদ্দিন হারুন।

আসবাব পুরোনো হয়ে গেছে। প্রধান শিক্ষক নতুন আসবাব ও ভবন সংস্কারের কথা বলেছেন।  

পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার বেলা ৩টায় আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে৷ দুই দিনের এই সুবর্ণজয়ন্তীতে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।