মোহাম্মদপুরে অবৈধ বাসস্ট্যান্ড

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে রিং রোডে অবৈধভাবে বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বাসের হর্নের শব্দে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।
জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের অভিযোগ, পাঁচ–ছয় বছর আগে এই সড়কে অবৈধভাবে বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়। তা উচ্ছেদে একাধিকবার পুলিশের ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশনে আবেদন করা হয়। কিন্তু কোনো কার্যকরী উদ্যোগ তাঁদের চোখে পড়েনি। বরং বাসের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।
জানতে চাইলে পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে। সড়কে বাস রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, জাপান গার্ডেন সিটির প্রধান ফটকের সামনে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে আবদুল্লাহপুরগামী তেঁতুলিয়া পরিবহন, ভূঁইয়া পরিবহন ও বনানীগামী আলিফ পরিবহনের কয়েকটি বাস। এসব বাসের চালকের সহকারীরা উচ্চ স্বরে ডেকে যাত্রী তুলছেন। চালকও আসনে বসে বিনা কারণে হর্ন বাজাচ্ছেন।
জাপান গার্ডেন সিটির বাসিন্দা আতিকুর রহমান বলেন, শব্দদূষণের কারণে সড়কের পাশের ফ্ল্যাটে থাকা কঠিন। বাধ্য হয়ে সড়কের পাশের দরজা-জানালা বন্ধ রাখতে হয়।
তেঁতুলিয়া পরিবহনের চালক এমরান হোসেন বলেন, বাসমালিকের নির্দেশে তাঁরা এই জায়গা থেকে যাত্রী তোলেন। বাসমালিকের নাম-ঠিকানা জানতে চাইলে তিনি তা দিতে রাজি হননি।
জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, এই সড়কে গাড়ি রাখলে তেমন সমস্যা হয় না। কিন্তু যখন পুরো সড়কে এলোমেলোভাবে বাসগুলো রাখা হয়, তখন যানজটের সৃষ্টি হয়। এই অবস্থায় গার্ডেন সিটির প্রধান ফটক দিয়ে বের হতেও কষ্ট হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই সড়ক থেকে বাস উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরে আবার সড়কের অর্ধেকের বেশি জায়গা দখল করে স্ট্যান্ড গড়ে তোলা হয়। ঈদের পর এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।