মোহাম্মদপুরে উদ্ধার হওয়া লাশটি মডেল তাবাসসুমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হওয়া সেই লাশটি তাহিয়া তাবাসসুম আদৃতা (২০) নামের এক তরুণীর। তিনি মডেলিং করতেন। গত বৃহস্পতিবার রাতে স্বজনেরা মোহাম্মদপুর থানায় রাখা ছবি দেখে তাঁর লাশ শনাক্ত করেন।সোমবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের ১২/৬ নম্বর বাড়ির চারতলার ছাদের দরজার পাশ থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকার পর বৃহস্পতিবার আঞ্জুমান মুফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে তাবাসসুমের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, গত বছর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে তাবাসসুম উচ্চমাধ্যমিক পাস করে ঢাকায় আসেন। তাঁর মা তিতাস গ্যাসে কর্মরত এবং মতিঝিলে এজিবি কলোনিতে থাকেন। মায়ের কড়াকড়ির কারণে তাবাসসুম খালার গোড়ানের বাসায় থাকতেন।তাবাসসুমের এক আত্মীয় জানান, গত রোববার বাসা থেকে বেরিয়ে আর না ফেরায় বৃহস্পতিবার তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। মোহাম্মদপুর থানায় রাখা ছবি দেখে তাঁর মা, খালাসহ অন্যরা লাশ শনাক্ত করেন।এ মামলা তদারক করা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তাজমহল রোডের ওই ভবনের জেনেসিস ভিউসহ একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাবাসসুম মডেলিং করতেন। জেনেসিস ভিউ থেকে তাঁর একাধিক ছবি জব্দ করা হয়েছে এবং এ প্রতিষ্ঠানের এক কর্মী পলাতক।মামলা তদন্তকারী সূত্র জানায়, হত্যাকারীরা তাবাসসুমের ব্যবহূত দুটি মুঠোফোনই নিয়ে গেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার আগে বিভিন্ন নম্বর থেকে তাঁর মুঠোফোনে আটটি খুদে বার্তা (এসএমএস) আসে। এসব নম্বর ব্যবহারকারীরা চিহ্নিত হয়েছে। তাবাসসুমের এক বন্ধুকে বৃহস্পতিবার পুলিশ জিজ্ঞাসাবাদ করে।