মোহাম্মদপুরে একটি হার্ডওয়্যার মার্কেটে আগুন
মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন হার্ডওয়্যার সামগ্রীর একটি বাজারে আজ শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে তাঁরা খবর পান, মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন নবোদয় হাউজিংয়ের পাশে হার্ডওয়্যার সামগ্রীর একটি বাজারে আগুন লেগেছে। স্থানীয় সেলিম মিয়ার মালিকানাধীন মদিনা ইলেকট্রনিকস অ্যান্ড হার্ডওয়্যারের দোকান থেকে এই আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক সঙ্গে কাজ করে। বিকেল পৌনে চারটার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
মাহমুদুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রায় এক কোটি টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।