মোহাম্মদপুরে ককটেল ও গান পাউডারসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে রাজিয়া সুলতানা রোডের একটি বাসা থেকে  গতকাল রোববার গভীর রাতে ১৩৪টি ককটেল ও গানপাউডার উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন এরশাদুজ্জামান জুয়েল (৩৮), সিরাজুল ইসলাম (৪০) ও নান্নু (৪২)। তাঁদের কাছ থেকে জামায়াত-শিবিরের ব্যানার, ফেস্টুন, পতাকা ও সংগঠনের বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে জানান, গত শুক্রবার মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানের সময় সাজিদ নামে শিবিরের একজন কর্মী গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ককটেল বা বোমা তৈরির কয়েকটি কারখানার সন্ধান পায় পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওয়াই/টুয়েন্টি ফাউভ, রাজিয়া সুলতানা রোডের একটি মেসে অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়।

উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আটক হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মেসটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা এখানে বোমা বা ককটেল বানিয়ে আসছিলেন। তাঁদের কাছ থেকে যে পরিমাণ গান পাউডার উদ্ধার হয়েছে, তা দিয়ে অন্তত ৬০টি বোমা বানানো সম্ভব। মেসটিতে অন্যান্য সময় আটজন থাকলেও গতকাল তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অন্যদের আটক করার চেষ্টা চলছে।

আটক হওয়া ব্যক্তিদের নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছেন মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নয়ন মিয়া।