মোহাম্মদপুরে গৃহবধূ খুন, স্বামীসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গতকাল শনিবার মনোয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী খন্দকার সাইদ আলীসহ (৬০) দুজনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বেড়িবাঁধের গ্রিনভিউ হাউজিং এলাকার এক বাসায় স্বামী ও তিন সন্তান নিয়ে থাকতেন মনোয়ারা। খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে দেখে, মেঝেতে রক্তাক্ত অবস্থায় মনোয়ারার লাশ পড়ে আছে। তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তখন বাসায় ছিলেন খন্দকার সাইদ ও ছেলে মো. ইব্রাহিম (১২)। ইব্রাহিম পুলিশকে জানায়, ঝগড়ার একপর্যায়ে বাবা তার মাকে খুন করেছেন। তবে সাইদ দাবি করেন, ইউছুফ আলী (৪০) নামের একজন এ খুন করেছেন। পরে পুলিশ সাইদ ও ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে ইউছুফকে গ্রেপ্তার করে।ওসি বলেন, প্রাথমিক তদন্তে খন্দকার সাইদই খুন করেছেন বলে জানা গেছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।