মোহাম্মদপুরে চারতলা ভবন হেলে পড়ার দাবি

রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডের একটি চারতলা ভবন পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছে বলে দাবি করেছেন ভবনটির বাসিন্দারা। তবে ফায়ার সার্ভিস এবং রাজউকের কর্মকর্তাদের ভাষ্য, ভবনটি আদৌ হেলে পড়েছে কিনা বা ভবনে ফাটল ধরেছে কিনা, বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদল তা পরীক্ষা করে জানাবে। তবে নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
রুমা নামে ভবনটির চারতলার এক বাসিন্দা বলেন, ভবনটিতে ২৫-৩০টি পরিবার বাস করে। আজ শনিবারই ভবনটি হেলে পড়েছে কিনা তাঁরা জানেন না। তাঁদের ধারণা ভূমিকম্প যেদিন হলো সেদিনই ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়েছে। যদিও আজ দুপুরে তাঁদের নজরে এসেছে।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা সজীব সরকার ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, তাঁরা আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটে খবর পান মোহাম্মদপুর তাজমহল রোডের ই ব্লকের ১৯/৪ ভবনটি পাশের ১৯/৫ ছয়তলা ভবনটির ওপর হেলে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন ভবনটির একটি অংশ পাশের ভবনটির সঙ্গে লেগে আছে। পরে ওই ভবনের বাসিন্দাদের তাঁরা সরে যেতে বলেছেন।
তবে পাশের যেই ভবনটির ওপর ভবনটি হেলে পড়েছে সেই ভবনের মালিক ওবায়েদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভবনটি হওয়ার পর থেকেই আমি এমন দেখে আসছি। সম্প্রতি ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। এ জন্য হয়তো কেউ গুজব ছড়িয়েছে। ভবনটির একটি কোনা আমার ভবনের সঙ্গে লেগে আছে। হেলে পড়লে পুরো এক পাশই হেলে পড়ত।’
জানা যায়, ভবনটির মালিক সৈয়দ মোহাম্মদ ইউনুস মারা গেছেন। তাঁর পুত্রবধূ আঞ্জুমান আরা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা ভবনটি ভাড়া দিয়ে গ্রামের বাড়ি মাগুরাতে থাকেন। তিনি যত দূর জানের ভবনটি ২৫-৩০ বছর আগে করা। তিনি শুনেছেন ভবনটির নকশা আছে।
অথরাইজড অফিসার আশরাফুল ইসলামসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কয়েকজন কর্মকর্তা বিকেলে ভবনটি পরিদর্শন করেন। আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভবনটির গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ভবনের বাসিন্দাদের সরিয়ে দিয়ে ভবনটি সিলগালা করে দেওয়া হবে। তিনি বলেন, ‘ভবনটি হেলে পড়েছে কিনা বা ভবনে ফাটল ধরেছে কিনা তা বলতে পারছি না। বুয়েটের বিশেষজ্ঞ দিয়ে ভবনটি পরীক্ষা করানো হবে। বুয়েটের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’