মোহাম্মদপুরে চোর সন্দেহে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মী ও নির্মাণশ্রমিকেরা জামাল উদ্দীন বাবু (৩৪) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যা করেছেন। গতকাল রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। চোর সন্দেহে শনিবার রাতে তাঁকে পিটিয়ে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ ও এলাকাবাসী।মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন প্রথম আলোকে জানান, জামাল উদ্দীন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ৪২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মোহাম্মদপুর ছাত্রলীগের নেতারা জানান, তিনি মহল্লায়ই বড় হয়েছেন। ছয় বছর আগে সাভারের হেমায়েতপুরে তাঁর পরিবার বসবাস শুরু করলে মোহাম্মদপুরের রাজনীতিতে তাঁর খুব বেশি সংস্রব ছিল না। গত শনিবার রাতে জোট সরকারের আমলে নিহত ছাত্রলীগের নেতা ইউনুস ও ফিরোজের স্মরণসভায় হঠাৎ করেই তাঁকে দেখা যায়। মধ্যরাত পর্যন্ত সভা চলে। এরপর যে যার বাড়িতে চলে যায়। সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।এলাকাবাসী জানান, রাতে ৩৫/১০, নম্বরের নির্মাণাধীন বাড়িতে ঢোকেন জামাল। এরপর রডচোর সন্দেহে ওই বাড়ির নিরাপত্তাকর্মী ও মিস্ত্রিরা ধরে পিটুনি দিলে তাঁর মৃত্যু হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দারোয়ান ও শ্রমিকদের পিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। দারোয়ানেরা বর্তমানে পলাতক রয়েছেন।