মোহাম্মদপুরে তিন নবজাতকের লাশ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার পৃথক দুটি স্থান থেকে আজ শনিবার তিনটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে নবোদয় হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে নবজাতকের দুটি লাশ উদ্ধার করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন মিয়া। প্রায় একই সময়ে মোহাম্মদপুর থানার জহুরী মহল্লা এলাকার ড্রেনের পাশ থেকে আরেকটি নবজাতকের লাশ উদ্ধার করেন একই থানার এসআই জাহাঙ্গীর হোসেন।
এসআই নয়ন মিয়া প্রথম আলোর কাছে দাবি করেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে ওই নবজাতক দুটির জন্ম। সুযোগে বুঝে কে বা কারা তাদের ওই স্থানে ফেলে গেছে।
এসআই জাহাঙ্গীর বলেছেন, ড্রেনের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতকের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। জন্মের পরপরই তাকে ওই স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি।
পুলিশ জানায়, এ তিন নবজাতক কি মৃত জন্মেছিল নাকি তাদের ওই স্থানগুলোতে ফেলে যাওয়ার পর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।