মোহাম্মদপুরে তিন হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রকে জরিমানা
মোহাম্মদপুর এলাকায় নিয়মকানুন না মেনে ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র চালানোর দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা এবং দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যা ব-২-এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার এ অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্য ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানগুলো হলো মক্কা-মদিনা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বেবি কেয়ার হাসপাতাল ও ইসলামিয়া মানসিক হাসপাতাল।
র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকায় মক্কা-মদিনা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও বেবি কেয়ার হাসপাতাল ও ইসলামিয়া মানসিক হাসপাতালের কোনো লাইসেন্স ছিল না। ইসলামিয়া মানসিক হাসপাতাল অনুমোদন ছাড়াই ২৬ জন রোগী ভর্তি রেখেছিল। প্রতিষ্ঠানগুলো ড্রাগ লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছিল। এ ছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কার্ডিওলজি, মেডিসিন বিশেষজ্ঞ থাকার কথা থাকলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্সেরও সংকট ছিল।
র্যা ব জানায়, রোগনির্ণয় কেন্দ্রে কোনো টেকনোলজিস্ট ও প্যাথলজিস্ট পাওয়া যায়নি। যন্ত্রপাতি পরিশোধনের জন্য যে অটোক্লেভ কক্ষ, অস্ত্রোপচার কক্ষ—কোনোটিই মানসম্মত ছিল না। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে আটক করে।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন মক্কা-মদিনা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে চার লাখ টাকা জরিমানা, বেবি কেয়ার হাসপাতালের মালিক মো. মোফাজ্জল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং ইসলামিয়া মানসিক হাসপাতালের মালিক মো. মোজাম্মেল হককে ছয় মাসের কারাদণ্ড দেন।
অভিযানে অংশ নেন র্যা ব-২-এর সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও শাহানা আলম এবং ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক ওজিউল্লাহ।
চার দোকানের জরিমানা: এদিকে রাজধানীর আনন্দ বাজারের চারটি দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব এ আদালত পরিচালনা করেন।
খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, ট্রেড লাইসেন্স ছাড়াই আনন্দ বাজারের ওই চারটি দোকান ব্যবসা করে আসছিল। এ ছাড়া এসব দোকানের মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় জরিমানা করা হয়েছে।