মোহাম্মদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নকল ও অনুমোদনহীন রোগনির্ণয়ের রাসায়নিক উপাদান আমদানি ও বিক্রির দায়ে রাজধানীর মোহাম্মদপুরে দুটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলমের নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মানহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ অনুঘটক (রি-এজেন্ট) জব্দ করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফা লাভের আশায় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন রোগনির্ণয়ের জন্য নিম্নমানের নকল রি-এজেন্ট সরবরাহ করছে। এসব মানহীন ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সঠিক চিকিৎসা না হওয়ায় অনেকে অকালে প্রাণ হারাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল মোহাম্মদপুরের শ্যামলীতে লাইফ টেক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চীন থেকে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ডায়াগনস্টিক টেস্টের জন্য ব্যবহৃত রি-এজেন্ট পাওয়া যায়। এসব রি-এজেন্টের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা দেশ, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ নেই। প্রতিষ্ঠানটির ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্সও নেই। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মো. আসাদুজ্জামানকে (৪২) আটক করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একই এলাকায় ভিউ টেক প্রতিষ্ঠানে নিম্নমানের রি-এজেন্ট আমদানি ও ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটির মালিক মো. মোবারক হোসেনকে (৪৭) আটক করা হয়। এ সময় তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ৮ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।