মোহাম্মদপুরে দুটি রোগনির্ণয় কেন্দ্র সিলগালা
রাজধানীর মোহাম্মদপুরে গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত দুটি রোগনির্ণয় কেন্দ্রের মালিককে (ডায়াগনস্টিক সেন্টার) সোয়া চার লাখ জরিমানা করেছেন। এ সময় ওই রোগনির্ণয় কেন্দ্র দুটি সিলগালা করা হয়।
র্যা ব সূত্র জানায়, বেলা একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলালউদ্দিনের নেতৃত্বে মোহাম্মদপুরের শাপলা ডায়াগনস্টিক সেন্টার ও সেফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় আদালত দেখতে পান, ওই দুটি রোগনির্ণয় কেন্দ্রে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভুয়া চিকিৎসকেরা রোগনির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করছেন। এ অভিযোগে ভুয়া চিকিৎসক মো. কামাল, মো. জাহাঙ্গীরকে আটক করেন আদালত। পরে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন। এ ছাড়া সেফা ডায়াগনস্টিকের ভুয়া চিকিৎসক রফিকুলকে ২০ হাজার টাকা ও আলমগীরকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।