মোহাম্মদপুরে পাঁচতলা ভবন হেলে গেছে
রাজধানীর মোহাম্মদপুরে শেরশাহ্ সুরী রোডে ৪৩ নম্বর প্লটে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটু হলেই পাশের তিনতলা ভবনে (৪৪) ঠেকে যেতে পারে এটি।
গতকাল শনিবার এ ঘটনার পর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রাতেও ভবন দুটির সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিসের নির্দেশে দুটি ভবন থেকেই বাসিন্দারা সরে গেছেন। দুটি ভবনেরই বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গতকাল দুপুরের দিকে ভবনটি হেলে পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের সাহায্যে রাজউক পরীক্ষা করে উপযুক্ত ব্যবস্থা নেবে।
এলাকায় গিয়ে জানা যায়, চারতলা অনুমোদন নিয়ে ১৯৯০ সালের দিকে ভবনটির নির্মাণ শুরু হয়। জায়গার মালিক ছিলেন বিহারি ওয়ালী মোহাম্মদ ও তাঁর কন্যা ময়জুন্নেসা। তাঁরা জায়গাটি আট ব্যক্তির কাছে বিক্রি করে চলে যান। নতুন মালিকেরা এখানে প্রথমে চারতলা ভবন এবং বছর চারেক আগে তার ওপর আরও একতলা নির্মাণ করেন।