মোহাম্মদপুরে পাউবোর জায়গা থেকে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিমাঞ্চলীয় বেড়িবাঁধের মোহাম্মদপুুরের ঢাকা উদ্যান এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে প্রায় দিনভর অভিযান চালিয়ে সাতটি দোতলা ভবনসহ এসব স্থাপনা উচ্ছেদ করে ঢাকা জেলা প্রশাসন ও পাউবো।ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয় বাঁধের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে। এর মধ্যে প্রায় কোটি টাকা খরচ করে নির্মিত একটি ভবনও ছিল। ওই ভবনসহ পাকা ভবনগুলো স্কেভেটরের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একটি আবাসন কোম্পানি ওই এলাকায় অনেকের কাছে প্লট বিক্রি করেছিল। সেসব প্লটে স্থাপনাও তৈরি করা হয়। গতকাল সেগুলোও উচ্ছেদ করা হয়েছে। বেশ কয়েকটি টিনের চালা দিয়ে তৈরি একটি কাঁচাবাজারের বেশির ভাগ অংশ ভেঙে দেওয়া হয়। অভিযানে দুই প্লাটুন পুলিশ ও বেশ কিছু শ্রমিক অংশ নেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, পশ্চিমাঞ্চলীয় বেড়িবাঁধের পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে আবদুল্লাপুর পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় পাউবোর মালিকানাধীন অনেক জায়গাতেই অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর আগেও কয়েক দফা অভিযান চালিয়ে ওই সব স্থাপনার কিছু ভাঙা হয়।সেলিম হোসেন আরও বলেন, ‘দখলদারদের কাছে তুলনামূলক কম দামে পেয়ে অনেকেই বাড়ি তৈরি করেছেন। তাঁদের বেশির ভাগই হয়তো জানতেন না জায়গাটি পাউবোর। এ জন্য ভালোভাবে যাচাই না করে জমি কেনা উচিত নয়।’