মোহাম্মদপুরে সমাবেশে হামলার জন্য নানককে দায়ী করেছে বিএনপি
রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির সমাবেশে হামলার জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে দায়ী করেছে বিএনপি। দলটির অভিযোগ, নানকের ইঙ্গিতেই এমন ঘটনা ঘটেছে।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের যুববিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন এ অভিযোগ করেন।মোয়াজ্জেম হোসেন বলেন, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির ঢাকা বিভক্তির বিল সংসদে উত্থাপন করেছিলেন। এ জন্য এর প্রতিবাদে বিএনপির ওই সমাবেশকে তিনি ব্যক্তিগতভাবে নিয়েছেন। তাঁর ইঙ্গিতেই এমনটা হয়েছে। সেখানে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। এ কারণেই মোহাম্মদপুরে পুলিশ বিএনপিকে সমাবেশ করতে দেয়নি।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ক্যাডারদের হাতে অস্ত্র দিয়ে বিরোধী দলকে দমন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় সরকার। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী থাকে না। পিপীলিকার পাখা তখনই গজায়, যখন তার ধ্বংস আসন্ন হয়। এই সরকারের পাখা দেখা যাচ্ছে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।