মোহাম্মদপুরে 'বয়স্কদের' ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারম খেলছেন ইকবাল রোড ক্লাবের সদস্যরা। গত ২৭ এপ্রিল তোলা ছবি l প্রথম আলো
ক্যারম খেলছেন ইকবাল রোড ক্লাবের সদস্যরা। গত ২৭ এপ্রিল তোলা ছবি l প্রথম আলো

তাঁরা ক্যারম খেলছিলেন। একজন ৭৬ বছর বয়সী সরদার নজরুল ইসলাম। আরেকজন আবদুল মোমেন। তাঁদের কথা বলার সময় নেই। চিৎকার করে, হাত ছুড়ে আনন্দ প্রকাশ করছেন। ঠিকমতো খেলতে না পারলে আক্ষেপ করছেন।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড ক্লাব লিমিটেডের দৃশ্য এটি। ওই দুজন ক্লাবের সদস্য। গত ২৭ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে কথা হয় ওই দুজনসহ ক্লাবের আরও কয়েকজন সদস্যের সঙ্গে।
জানা যায়, সাংবাদিক এবিএম মূসার হাত ধরে ২০০৬ সালে এই ক্লাবের কার্যক্রম শুরু। ক্লাবের সদস্যসংখ্যা এখন ৮০-এর বেশি। তবে সদস্যদের মধ্যে তরুণদের উপস্থিতি খুব কম। ক্লাবের বেশির ভাগ সদস্যের বয়স ৫০ বছরের আশপাশে। সদস্যদের একজন মন্তব্য করেন, ‘বলতে পারেন ক্লাবটি বুড়াদের।’
কথা হয় ক্লাবের সদস্য খায়রুল ইসলাম, ওয়াহিদুর রহমান ও নদী বাঁচাও আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট বেলাল আহমেদের সঙ্গে। তাঁরা বলেন, ইকবাল রোড ও স্যার সৈয়দ রোডের ২৫ বছর বয়সের বেশি যেকোনো পুরুষ ক্লাবের সদস্য হতে পারেন। মাসিক চাঁদা ৫০০ টাকা।
ক্লাব ঘরের একটি কক্ষে অফিস। ছোট একটি লাইব্রেরি আছে ক্লাবে। অন্য ঘরে দুটো ক্যারম বোর্ড, একটি টেবিল টেনিস খেলার বোর্ড। ক্লাবে একটি ছোট রঙিন টেলিভিশন চালু আছে, কিন্তু সেদিকে তাকানোর সময় নেই কারও। যাঁরা ক্লাবে এসে ক্যারম খেলার সুযোগ পাচ্ছেন না, তাঁরা দাঁড়িয়ে যাচ্ছেন দর্শক হিসেবে। পাশ থেকে দেন খেলোয়াড়দের নানা পরামর্শ। রাত যত বাড়ে, আড্ডাও তত জমে। রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে ক্লাব।
সারা দিনের ব্যস্ততার পর ক্লাবে আড্ডায় ব্যস্ত, পরিবারের লোকজন রাগ করে না? এই প্রশ্নের উত্তরে একজন বলেন, ‘রাগ আবার করে না, রাত ১০টার পর বাড়ি ফিরলে বলে, ক্লাবেই থেকে যেতে।’ আরেকজন বলেন, ‘বেশির ভাগ সময় পরিবারকে সময় দিয়েই আমরা আসি। প্রতিদিন তো আর আসতে পারি না।’
ক্লাবের সদস্যরা বলেন, ক্লাবের সদস্যরা বিশেষ দিবস পালন, ছোটদের ক্রিকেটসহ নানা বিষয়ের প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বছরে একবার হয় পারিবারিক পিকনিক।
মাঠের এক পাশে করা হয়েছে টেনিস খেলার আয়োজন। রাতে সেখানে ক্লাবের কয়েকজন সদস্যকে চেয়ারে বসে সুখ-দুঃখের কথা বলতে দেখা যায়।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক প্রথম আলোকে বলেন, ক্লাবের জায়গাটি সিটি করপোরেশনের কাছ থেকে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিলসহ সবকিছু নিয়মিত পরিশোধ করা হচ্ছে। তিনি বলেন, ক্লাবের কমর্কাণ্ডের কারণে এলাকায় সন্ত্রাসমূলক কার্যক্রম কম হচ্ছে। ক্লাবের অনুরোধে র্যাবের একটি গাড়ি টহল দেয় প্রতিদিন।
রফিকুল হক বলেন, ক্লাবের মূল কাজ এলাকার শিশু ও বড়দের জন্য বিনোদনের ব্যবস্থা করা। আর সন্ধ্যার পর নিজেদের জন্য আড্ডার একটি জায়গা করা। ভবিষ্যতে ক্লাবে নারীদের সম্পৃক্ত করার চিন্তাও আছে বলে জানালেন তিনি।
তরুণ প্রজন্ম কেন ক্লাবে আসছে না? এই প্রশ্নের উত্তরে ক্লাবের প্রবীণ সদস্য নিজাম উদ্দীন বলেন, বিষয়টিকে ক্লাবের ব্যর্থতা বলা যায়। আবার অন্যদিকে বলা যায়, তরুণ প্রজন্মের বেশির ভাগ যেসব বিষয়ে আকৃষ্ট হয়, তা এই ক্লাবে তারা পাচ্ছে না। এখানে ইন্টারনেট বা অন্য আয়োজন নেই। তিনি বলেন, তরুণদের বেশি করে ক্লাবে আনতে পারলে এলাকার অনেক সমস্যা আরও সহজে সমাধান করা সম্ভব হতো।
নানা ধরনের সামাজিক কাজ করা হয় ক্লাবের পক্ষ থেকে। দুই মাস ধরে এলাকাকে হর্নমুক্ত এবং সড়ক গাড়ি পার্কিংমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পোস্টার টাঙানো হয়েছে।
ক্লাবের সদস্য ব্যাংকার সৈয়দ মিজানুর রহমান বলেন, এই ক্লাবের সদস্যরা আড্ডা দেওয়ার পাশাপাশি এলাকার পরিবেশের উন্নয়নে কাজ করছেন, যা রাজধানীর বেশির ভাগ ক্লাব করছে না।