মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন, দেড় শ ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে গতকাল বুধবার রাতে অগ্নিকাণ্ডে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শীহদুল্লাহ জানান, আগুনে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। তবে হতাহতের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন বাঁশবাড়ি লাটপুকুর বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় বস্তিবাসীর অধিকাংশ ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে উঠলে বাঁশ-টিনের তৈরি ঘর ও ঝুপড়িঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে তা তৃতীয় ও চতুর্থ তলার উচ্চতায় উঠে যায়। স্থানীয় লোকজন পানি সংগ্রহ করে বালতি ও কলসির মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে। একপর্যায়ে আগুন বস্তিসংলগ্ন নির্মাণাধীন ভবনের পাশে ধরে যায়। মোহাম্মদপুরসহ ফায়ার সার্ভিসের বেশ কটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির অর্ধশত ঘর পুড়ে গেছে।