মোহাম্মাদীয়া হাউজিং থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে গতকাল মধ্যরাতে ইবনে তৌফিকুল ইসলাম ওরফে ইমন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ইমন সম্প্রতি ৩৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ইমন মোহাম্মাদীয়া হাউজিংয়ের ২ নম্বর রোডের ২৫২/১০ নম্বর বাড়িতে মেসে ভাড়া থাকতেন। তাঁর সঙ্গে একটি কক্ষে আরেকজন থাকতেন। গতকাল রাত ১১টার পর মেসের কয়েকজন সদস্য থানায় ফোন করে ইমনের মৃত্যুর খবর জানান। পরে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ইমনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওসি জানান, ঢাকায় থাকা ইমনের আত্মীয়স্বজন দাবি করেছেন ইমন ৩৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।