মোড়ায় দিনবদল!
সীমান্তবর্তী ছোট একটি গ্রাম। পাশেই সংরক্ষিত বন। দুর্গম পাহাড়ি ওই গ্রামে ৬৫টি পরিবারের বাস। একসময় চোরাচালান ও বনের গাছ চুরি করে গ্রামের লোকজনের জীবিকা চলত। এসব কাজ করতে গিয়ে মাঝেমধ্যে বিডিআর-পুলিশের হাতে ধরা পড়া আর হাজতবাস করতে হতো তাদের। অন্য কোনো কাজও তেমন জানা ছিল না।বছর দশেক আগে বিডিআরের স্থানীয় ক্যাম্পের এক কর্মকর্তার শেখানো ‘মোড়া’ তৈরির কৌশল রপ্ত করে গ্রামের লোকজনের দিন পাল্টে গেছে। মোড়া তৈরি ও বিক্রি করে তারা এখন অনেকটাই সচ্ছল। গল্পটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামের।ওই গ্রাম ঘুরে দেখা যায়, অধিকাংশ বাড়িতে নারী-পুরুষ মোড়া তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সামনে ঈদুল ফিতর। চাহিদা বেড়ে গেছে। তাই কথা বলার ফুরসত নেই।গ্রামবাসীর ভাষ্যমতে, ১৯৯৮ সালের দিকে বিডিআরের স্থানীয় ক্যাম্পে এক কর্মকর্তা (নাম জানা যায়নি) চাকরি করতেন। অবসরে ক্যাম্পের উঠানে বসে বাঁশ কেটে টুকরো করে তিনি দৃষ্টিনন্দন মোড়া তৈরি করতেন। এটি দেখে গ্রামের কিছু লোক কৌতূহলী হয়ে ওঠেন। একপর্যায়ে বিডিআরের ওই কর্মকর্তা গ্রামের ফাতেমা বেগমকে (৫৫) কৌশলটি শিখিয়ে দেন। পরে একেক করে অন্যরা ফাতেমার কাছ থেকে সেটি রপ্ত করেন।ফাতেমা জানান, মোড়া তৈরিতে তিনটি উপকরণ লাগে—বাঁশ, নাইলনের সুতা আর প্লাস্টিকের বেত। প্রথমে বাঁশ কেটে নির্দিষ্ট মাপে টুকরো করে সেগুলোকে আড়াআড়ি বসিয়ে কৌশলমতো বুনে নাইলনের সুতা দিয়ে বাঁধতে হয়। পরে প্লাস্টিকের বেত দিয়ে আবারও বুনলে মোড়া তৈরি হয়।ফাতেমা জানান, গ্রামে ৬৫টি পরিবার বাস করে। এসব পরিবারের প্রায় ২০০ নারী-পুরুষ এখন ওই কাজের সঙ্গে যুক্ত।গ্রামের আলিম উদ্দিন (৩৫) জানান, আশপাশে বাঁশের অভাব নেই। শুধু নাইলনের সুতা আর প্লাস্টিকের বেত কিনতে হয়। তিনি জানান, প্রতি সপ্তাহে ১২-১৪টি মোড়া তৈরি করা যায়। গ্রামের দু-তিনজন লোক বাড়ি বাড়ি গিয়ে মোড়া সংগ্রহ করে সিলেট নগরের বিভিন্ন দোকানে নিয়ে বিক্রি করেন।গ্রামের আনজব আলী (৫০) একসময় গাছমহালে শ্রমিকের কাজ করতেন। ১৯৯৯ সালে গাছচাপায় তাঁর ডান পা ভেঙে গেলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েন। পরে তিনিসহ স্ত্রী নেছারুন বেগম (৪০) মোড়া তৈরির কাজ শিখে নেন। মোড়া বিক্রির আয় দিয়ে বছরের শুরুতে তিনি ৪৫ ফুট দৈর্ঘ্যের আধাপাকা (টিনশেড) একটি বসতঘর নির্মাণ করেছেন। দুটি গাভিও কিনেছেন বছর দুয়েক আগে। আনজব আলী বলেন, ‘চেষ্টা করলে মানুষ তার ভাগ্য পাল্টাইতে পারে।’গ্রামের ব্যবসায়ীরা জানান, লাঠিটিলা ক্যাম্প থেকে হলম্পা বাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। বর্ষায় মোড়া ভারে বেঁধে কাঁধে করে হলম্পা বাজারে নিয়ে বাসে তুলতে হয়। তাঁরা জানান, স্বল্প সুদে সরকারি ঋণের সুবিধা পেলে তাঁরা উপকৃত হতেন। লাঠিটিলা গ্রামের সালেহ আহমদ (৩০) জানান, ডোমাবাড়ীর লোকজনের কাছ থেকে তাঁদের গ্রামের ২০-২৫ জন মোড়া তৈরি শিখে কাজ করছেন।গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল আহমদ বলেন, চলতি অর্থবছরে হলম্পা বাজার থেকে লাঠিটিলা বিডিআর ক্যাম্প পর্যন্ত রাস্তাটি সংস্কারের সম্ভাবনা রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘ডোমাবাড়ী গ্রাম পরিদর্শন করেছি। উপজেলায় পল্লি ও যুব উন্নয়ন কার্যালয়ের কার্যক্রম নেই। এ অবস্থায় কয়েকটি বেসরকারি সংস্থাকে স্বল্প সুদে সেখানকার ব্যবসায়ীদের ঋণ প্রদান ও বাজারজাতকরণে সহযোগিতা করতে অনুরোধ করেছি।’