মোড়ে মোড়ে পিঠার দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে রাস্তার মোড়ে জমে উঠেছে পিঠার ব্যবসা। ছবিটি শহরের পুরান থানা এলাকার l প্রথম আলো
কিশোরগঞ্জে রাস্তার মোড়ে জমে উঠেছে পিঠার ব্যবসা। ছবিটি শহরের পুরান থানা এলাকার l প্রথম আলো

কিশোরগঞ্জে ঠান্ডার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কদর বেড়েছে নানা প্রকার শীতের পিঠার। শহরের বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ পিঠার দোকান। ভোর ও সন্ধ্যায় সেখানে পিঠার স্বাদ নিতে ভিড় জমছে মানুষের।

কিশোরগঞ্জ শহর ঘুরে দেখা যায়, বিভিন্ন মোড়ে ও পাড়া–মহল্লায় হতদরিদ্র ও স্বল্প আয়ের লোকজন গড়ে তুলেছেন শতাধিক পিঠার দোকান। একরামপুর, পুরান থানা, গৌরাঙ্গবাজার, বড়বাজার, জাহাঙ্গীর মোড়, মোরগমহল, রথখলা, আখড়াবাজার, হারুয়া, কাছারিবাজার প্রভৃতি এলাকায় এসব পিঠার দোকান রয়েছে। সকাল ও সন্ধ্যায় গায়ে গরম কাপড় জড়িয়ে ধোঁয়া ওঠা ভাপাপিঠার স্বাদ পেতে অনেকেই ভিড় করছে সেখানে। মূলত সেখানে ভাপা ও চিতইপিঠা হচ্ছে। প্রতিটি পিঠার দাম ৫ টাকা। আবার অনেক দোকানি চিতইপিঠার মধ্যে ডিম দিচ্ছেন। এই পিঠা প্রতিটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

রিকশাচালক, দিনমজুর, শিশু-কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থী সব শ্রেণি-পেশার মানুষ পিঠার দোকানে ভিড় করছে। অনেকে কর্মস্থল থেকে ফেরার পথে সন্ধ্যায় পিঠা নিয়ে যান বাড়িতে। শহরের পুরান থানা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, বাসায় এখন পিঠা তৈরি করা অনেক কষ্টকর। বাজারের পিঠা তাঁর পরিবারের সদস্যদের অনেক পছন্দ। তিনি প্রায়ই ভাপা ও চিতইপিঠা কিনে বাসায় নিয়ে যান।

দরিদ্র লোকজন এসব ভ্রাম্যমাণ পিঠার দোকান দিয়েছেন। পুরুষদের পাশাপাশি অনেক নারীও দোকানে পিঠা বিক্রি করছেন। এর মাধ্যমে তাঁরা বাড়তি আয় করতে পারছেন।