মোড়ে মোড়ে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কের দূরত্ব ২৫ কিলোমিটার। এ সড়কে খানাখন্দ খুব বেশি না হলেও বিভিন্ন মোড়ে যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। বিভিন্ন হাটবাজার ও দুটি রেলক্রসিং এবং এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ না থাকায় সৃষ্টি হচ্ছে যানজটের।
পুলিশ বলছে, ঈদের আগে সড়ক-মহাসড়কগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে। তখন যান চলাচল নিয়ন্ত্রণে আসবে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর স্টেশন রোড থেকে শুরু হয়েছে টঙ্গী-কালীগঞ্জ সড়ক। এ সড়ক দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন জেলার দূরপাল্লার অনেক যানবাহন চলাচল করে।
টঙ্গী স্টেশন রোডের শুরুতে আহসান উল্লাহ মাস্টার উড়ালসড়ক। আধা কিলোমিটার দূরে উড়ালসড়ক শেষ হয়েছে। গতকাল বুধবার সকালে গিয়ে দেখা যায়, মীরের বাজার এলাকায় সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। ছোট ছোট গর্ত। সড়কের দুই পাশে বৃষ্টির পানি জমে আছে। যানবাহন ধীরগতিতে চলছে। কিছুটা যানজটও দেখা দিয়েছে। যানজট পেরিয়ে টঙ্গী মরকুন টিএনটি বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কিছু স্থানে সড়ক ভাঙাচোরা। মরকুন, শিলমুন থেকে রেলক্রসিং পর্যন্ত সড়কের অনেক স্থানে কার্পেটিং উঠে গেছে। রেলক্রসিং অতিক্রম করে দেখা যায়, সড়কের দুই পাশেই সিটি করপোরেশনের ময়লা-আবর্জনার স্তূপ। মাঝেমধ্যে সড়কের ওপর ময়লা। এরপর সড়কের অবস্থা ভালো। তবে মাঝুখান বাজার ও পশ্চিম মাঝুখান স্কুল পর্যন্ত সড়কের দুই পাশে জমেছে পানি।
মাঝুখানের পর তালটিয়া এলাকার রানা সিএনজি স্টেশনের সামনেই রয়েছে কয়েকটি ছোট ছোট গর্ত। পাশের করমতলা এলাকায়ও একই অবস্থা। ঢাকা বাইপাস ও টঙ্গী-কালীগঞ্জ সড়কের চার রাস্তা মোড়ে মীরের বাজারের অবস্থান। সেখানে গিয়ে দেখা যায়, যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য কেউ নেই। যে যার মতো এদিক-সেদিক যাওয়ার চেষ্টা করছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ওই মোড় অতিক্রম করতে সময় লাগল প্রায় ৪৫ মিনিটি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের টঙ্গী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সানমি সুলতানা বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সড়কটির উন্নয়ন করা হবে। এক মাসের মধ্যে এর দরপত্র আহ্বান করা হবে। এ কারণে নতুন করে ঠিকাদার নিয়োগ করে কাজ করানো যাচ্ছে না। তবে সওজের নিজস্ব ব্যবস্থাপনায় ছোট খানাখন্দ মেরামত করা হচ্ছে।