মোয়াজ্জেম ছিলেন নীরব সমাজকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরব বন্ধুসভার পাঠচক্রবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসাইন স্মরণে শোকসভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর ভৈরব কার্যালয়ে এই শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় বক্তারা বলেন, শতভাগ বিনয়ী ও সৃষ্টিশীল এই তরুণ ছিলেন নিবেদিতপ্রাণ একজন নীরব সমাজকর্মী। সমাজের ভালো কাজে তাঁর থাকত সরব উপস্থিতি। রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচিয়ে অল্প সময়ের জীবনে নিজেকে মানবতাবাদী হিসেবে পরিচিত করে তুলেছিলেন মোয়াজ্জেম। বন্ধুসভায় মোয়াজ্জেম ছিলেন একজন সক্রিয় কর্মী। তাঁর নেতৃত্বে ভৈরব বন্ধুসভার নিয়মিত সাপ্তাহিক আয়োজন পাঠচক্র বিশেষ গতি পায়। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি পাঠচক্র নিয়ে ব্যস্ত ছিলেন। সভা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দুর্ঘটনাস্থল ‘দুর্জয় ভৈরব’ চত্বরে মোয়াজ্জেমের স্মরণে স্মৃতি নামফলক, গতিরোধক ও পদচারী-সেতু নির্মাণের দাবি জানানো হয়। একই সঙ্গে মাইক্রোবাসের ঘাতক চালকের গ্রেপ্তার দাবি করা হয়।

ভৈরব বন্ধুসভার সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, নাট্য সংগঠক সাগর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থানীয় সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক ছালেম রহমান প্রমুখ।

শোকসভা শেষে মোয়াজ্জেমের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দুপুরে বন্ধুসভার কর্মীরা মোয়াজ্জেমের কবর জিয়ারত করেন এবং কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।