মৌ চাষে ঘুচবে বেকারত্ব

কুড়িগ্রামের রৌমারী উপজেলার অনেক খেত এখন সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে। যত দূর চোখ যায়, হলুদ আর হলুদ। দেখে চোখ জুড়িয়ে যায়। এসব সরিষাখেত থেকে মধু আহরণ করছেন মৌচাষিরা। এসব সরিষাখেতে মৌ চাষে বেকারত্ব ঘুচবে বলে অনেকে আশা করছেন।
সম্প্রতি চিলমারীঘাট থেকে নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হয়ে রৌমারী যাই। ঘাট থেকে সড়কে উঠি। কিছু দূর এগোতেই দুই পাশের জমিগুলোতে চোখ আটকে যায়। সরিষা ফুলে ছেয়ে আছে চারদিক। জমির পাশে অসংখ্য ছোট ছোট বক্স বসানো। সেখান থেকে মৌচাষিরা মধু সংগ্রহ করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এতে প্রায় ১ হাজার ৫০০ বক্স বসানো হয়েছে। মধু পাওয়া যাবে ২০ থেকে ২৫ মেট্রিক টন, যার মূল্য ১৫ থেকে ২০ কোটি টাকা।
রৌমারীতে মধু সংগ্রহ করতে এসেছেন সাতক্ষীরার শ্যামনগর থেকে সবুজ হোসেন। তিনি বলেন, ‘আমরা ২৫ দিন আগে এসেছি। দেড় মাস থাকব। সঙ্গে ছয়জন আছে। ২ হাজার বিঘা জমি থেকে মধু সংগ্রহ করছি। বক্স বসিয়েছি ২২০টি। একটি বক্সে ২০ থেকে ২২ কেজি মধু পাব। এসব বক্স থেকে সাড়ে চার হাজার কেজির বেশি মধু পাওয়া যাবে। পাইকারি বিক্রি করা হবে ২০০ টাকা কেজি দরে। প্রাণ ফুড, একমি, ডাবর, ওয়ালেসসহ বিভিন্ন কোম্পানি জমি থেকে মধু নিয়ে যায়। এ ছাড়া স্থানীয় বিক্রেতারা আমাদের কাছে পাইকারি নিয়ে গ্রামের হাটেবাজারে খুচরা ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন।’ কীভাবে এখানে এলেন জানতে চাইলে তিনি বলেন, রৌমারী কাশিয়াবাড়ী গ্রামের ফরহাদ আলীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাঁরা এখানে আসেন।
এ ব্যাপারে ফরহাদ বলেন, ‘আমি নিজে আড়াই শ বক্স বসিয়ে মধু সংগ্রহ করছি। এ অঞ্চলে সরিষা চাষ দেখে আমার মাথায় আসে মৌ চাষ করার। ঢাকায় প্রশিক্ষণ নিই। এরপর সাতক্ষীরায় দেখতে যাই। সেখানে চাষিদের সঙ্গে পরিচয়। তাঁদের এখানে আসতে বলি। তাঁরা এসে চাষ করে প্রতিবছর লাভবান হচ্ছেন। উপজেলায় প্রায় ১৪ জন খামারি ১ হাজার ৫০০ বক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন। বিসিক বা অন্য কোনো সংস্থা থেকে রৌমারীর বেকার যুবকদের মৌ চাষে প্রশিক্ষণ দিলে তাঁরা মৌ চাষ করে স্বাবলম্বী হতে পারতেন। এ ছাড়া এতে ঘুচবে বেকারত্বও।’
এদিকে সম্প্রতি যাদুরচর ইউনিয়নে গিয়ে দেখা যায়, গোটা ইউনিয়ন হলুদ রঙে রাঙিয়ে আছে। জমির পাশে দাঁড়িয়ে ফসলের অবস্থা দেখছিলেন সায়দাবাদ গ্রামের কৃষক সোনা মিয়া। তিনি বলেন, ‘শুধু আমাদের গ্রামে না, ইউনিয়নজুড়ে ব্যাপক সরিষা চাষ হচ্ছে।’
কেন এত সরিষা আবাদ হচ্ছে জানতে চাইলে কৃষক মোখলেছুর রহমান বলেন, পরপর তিনবার বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়। শেষের বার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় আবাদ পিছিয়ে যায়। পানি নেমে যাওয়ার পর দুই মাস জমি পড়ে থাকবে। বাধ্য হয়ে কৃষকেরা ক্ষতি পুষিয়ে নিতে সরিষার আবাদ করছেন।
মহিউদ্দিন আহাম্মেদ নামের সাবেক এক এনজিও কর্মকর্তা বলেন, সরিষা চাষে কৃষকেরা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন। প্রথমত, জমি পড়ে থাকত দুই–তিন মাস, সেখানে ফসল পাচ্ছেন। দ্বিতীয়ত, মধু পাচ্ছেন। তৃতীয়ত, সরিষা তুলে বোরো লাগাবেন। সরিষা মাড়াই করে গাছগুলো খড়ি হবে। জমির উর্বরতা বাড়বে।
স্থানীয় কলেজশিক্ষার্থী আঁখি ও মিজানুর রহমান বলেন, ‘সরিষা বদলে দিয়েছে আমাদের রৌমারীর প্রাকৃতিক চিত্র। অবসরে ছুটে আসি জমিতে। বাইরে থেকেও আত্মীয়স্বজনেরা এ সময় বেরাতে আসেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ‘রৌমারীতে প্রতিবছর যে পরিমাণ সরিষার আবাদ হয়, তাতে মধু চাষে অর্থনৈতিক দিক থেকে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমরা এ সম্ভাবনাকে কাজে লাগাতে খামারি ও চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি। মধু চাষে সরিষার ক্ষতি হয় না, বরং ফলন ভালো পাওয়া যায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর রায় বলেন, ‘মধু চাষের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আগামী মৌসুমের আগে বেকার যুবক ও কৃষকদের মৌ চাষে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়ার কথা ভাবছি।’