চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রাণিবিদ্যা বিভাগে নিয়োগ: চাকরিপ্রার্থীর আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক পদে নিয়োগে মৌখিক পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে উপাচার্যের কাছে আবেদন করেছিলেন চাকরিপ্রার্থী এমদাদুল হক। সেই আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ওই বিভাগে যে পদের বিপরীতে এমদাদ আবেদন করেছিলেন (প্রভাষক), সে পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত না করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
কৃতিত্বপূর্ণ ফলের কারণে প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জনকারী এমদাদুল হক বুধবার ওই রিটটি করেন, যার ওপর বৃহস্পতিবার শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া ও সুপ্রকাশ দত্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
গত ২৭ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ছিল। দুটি পদের বিপরীতে আবেদন করেন ৬৪ জন। ওই মৌখিক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়। এমদাদুল হকের অভিযোগ, মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার সময় উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী তাঁকে ‘অপহরণ’ করে নিয়ে যান। আটকে রেখে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। পরে ‘শিবির কর্মী’ আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ পরে যাচাই-বাছাই করে তাঁকে ছেড়ে দেয়। এরপর পুনরায় মৌখিক পরীক্ষা নিতে গত ৩০ মার্চ উপাচার্যের কাছে আবেদন করেন এমদাদুল হক। তবে এতে কোনো ফল না পেয়ে এমদাদুল হক ওই রিটটি করেন বলে জানান তাঁর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় যেহেতু ওই ঘটনাটি ঘটেছে, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে কোনো প্রার্থী অপহরণের শিকার হয়েছেন, এ রকম কোনো নজির নেই। উপাচার্য ও প্রক্টরকে ওই ঘটনা পুলিশ যথাসময়ে জানালেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি, এসব যুক্তিতে রিটটি করা হয়।
রুলে প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা নিতে উপাচার্য বরাবর এমদাদুল হকের করা আবেদনটি নিষ্পত্তিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে রিট আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকে সিজিপিএ-৪-এর মধ্যে ৩ দশমিক ৮৮ এবং স্নাতকোত্তরে ৩ দশমিক ৯৬ পেয়েছিলেন এমদাদুল হক। দুটি পরীক্ষাতেই প্রথম হয়েছিলেন তিনি।