রাজবাড়ী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের মৌখিক (ভাইভা) পরীক্ষায় নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, গত বুধবার মৌখিক পরীক্ষার দিন ধার্য ছিল। এ জন্য তাঁদের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে; যদিও মৌখিক পরীক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফি নির্ধারণ করা হয়নি। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ থাকলেও পরীক্ষায় নম্বর কম পাওয়ার আশঙ্কায় কেউ প্রতিবাদ করছেন না।বুধবার সরেজমিনে দেখা গেছে, মৌখিক পরীক্ষা দেওয়ার আগে শিক্ষার্থীরা বিভাগের পিয়ন অজয় কুমার গুহের কাছে এক হাজার টাকা করে জমা দিচ্ছেন। টাকা নেওয়ার পর পিয়ন পরীক্ষার্থীদের নামের তালিকার পাশে টাকার অঙ্ক লিখে রাখছেন। টাকা জমা দেওয়ার পর শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। অজয় কুমার গুহ বলেন, স্যারের নির্দেশে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে।যোগাযোগ করা হলে অর্থনীতি বিভাগের প্রধান মো. সোহরাওয়ার্দী বলেন, মৌখিক পরীক্ষার জন্য তিনি শিক্ষার্থীদের টাকা দিতে বলেননি। অফিসের অন্য কেউ এ টাকা নিচ্ছেন কি না, তা তিনি জানেন না।অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন জানান, এ ব্যাপারে কোনো শিক্ষার্থী তাঁর কাছে অভিযোগ করেননি। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।