মৌখিক পরীক্ষার তালিকায় নাম নেই, তবু ভর্তির জন্য মনোনীত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আলমগীর হোসাইন, খাদিজা আক্তার, মোহাম্মদ শামীম, সাবিহা নাসরিন ও বাছির উদ্দিন আহমেদ—এই পাঁচ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে খেলোয়াড় কোটায় প্রথম বর্ষে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। কিন্তু খেলোয়াড় কোটায় ভর্তির জন্য মৌখিক পরীক্ষার তালিকায় তাঁদের নাম ছিল না।
মৌখিক পরীক্ষার তালিকায় না থেকেও এই পাঁচজন ভর্তির জন্য মনোনীত হলেও ব্যবহারিক পরীক্ষায় প্রথম সারিতে থেকেও ভর্তির সুযোগ পাচ্ছেন না অনেকে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খেলোয়াড় কোটায় ভর্তির জন্য ১৮ ফেব্রুয়ারি ব্যবহারিক পরীক্ষা হয়। ক্রিকেট, টেনিস, হকি, অ্যাথলেটিক্স, ভলিবল, ফুটবল, সাঁতার, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, কারাতে ও দাবা খেলার ওপর আবেদনকারীদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। পরে একই মাসের ২৭ তারিখ ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিতদের মৌখিক পরীক্ষা হয়। সর্বশেষ ৬ মার্চ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বিভিন্ন অনুষদে ভর্তির জন্য নির্বাচিত ৫৫ জন শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় দেখা যায়, ব্যাডমিন্টন থেকে ভর্তির সুযোগ পাচ্ছেন ১২ জন শিক্ষার্থী। মৌখিক পরীক্ষার তালিকায় না থেকেও ভর্তির জন্য মনোনীত হয়েছেন মো. আলমগীর হোসাইন, খাদিজা আক্তার ও ফারজানা ইসলাম। মৌখিক পরীক্ষার তালিকায় থাকলেও বাদ পড়েছেন সিফাত আনজুম। অন্যদিকে হকিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন চারজন। বাদ পড়ে যান মৌখিক পরীক্ষা দেওয়া ইমরান মিয়া। কিন্তু মৌখিক পরীক্ষার তালিকায় নাম না থাকা মোহাম্মদ শামীম ভর্তির সুযোগ পাচ্ছেন। এ ছাড়া সাঁতারে মৌখিক পরীক্ষার তালিকায় না থেকেও ভর্তির সুযোগ হচ্ছে বাছির উদ্দিন আহমেদের। তবে মৌখিক পরীক্ষার তালিকায় থেকেও বাদ পড়েছেন প্রথম অবস্থানে থাকা উজ্জ্বল চৌধুরী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, তাঁরা ব্যবহারিক পরীক্ষায় ভালো ফলাফল করা সত্ত্বেও ভর্তির সুযোগ পাচ্ছেন না। অথচ মৌখিক পরীক্ষার তালিকায় না থাকা শিক্ষার্থীরাও সুযোগ পাচ্ছেন।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ওই পাঁচ শিক্ষার্থীর মৌখিক পরীক্ষার তালিকা পরে আলাদা করে প্রকাশ করা হয়। তাঁদের মৌখিক পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হয়।’ কিন্তু আলাদা করে পরীক্ষা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
তবে মৌখিক পরীক্ষার আলাদা তালিকাটির হদিস পাওয়া যায়নি।