সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ২০ থেকে বাড়িয়ে ৩০ করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, এখন থেকে সংসদীয় কমিটির সদস্যরা প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের বিভিন্ন কার্যালয় ও বিদ্যালয় পরিদর্শন করবেন। এ জন্য কমিটির সদস্যরা বিভাগওয়ারি দায়িত্ব ভাগ করে নিয়েছেন। কমিটির সভাপতি মোতাহার হোসেন রংপুর বিভাগ, সদস্য সামশুল হক চৌধুরী চট্টগ্রাম বিভাগ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন বরিশাল বিভাগ (বরগুনা ও ভোলা বাদ দিয়ে), আবদুর রহমান খুলনা বিভাগ ও ফরিদপুর জেলা, নজরুল ইসলাম ঢাকা বিভাগ, আবুল কালাম রাজশাহী বিভাগ, আলী আজম ভোলা ও বরগুনা জেলা, মোহাম্মদ ইলিয়াছ সিলেট বিভাগ এবং উম্মে রাজিয়া বৃহত্তর ফরিদপুর জেলায় দায়িত্ব পালন করবেন।
বৈঠক শেষে কমিটির সদস্য আলী আজম প্রথম আলোকে বলেন, কমিটি মনে করে, মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে যোগ্য ও মেধাবী প্রার্থীদের শিক্ষক হওয়ার সুযোগ বেশি তৈরি হবে। এ ছাড়া শিক্ষার মানকে গতিশীল করতে কমিটির সদস্যরা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও বিদ্যালয় পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, শামসুল হক চৌধুরী, আবদুর রহমান, আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ, উম্মে রাজিয়া প্রমুখ অংশ নেন।