মৌচাক ইউপি নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৩ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘ ১৪ বছর পর এ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাজার, চায়ের দোকান, রাস্তাঘাটসহ প্রতিটি স্থানে সবার মুখে মুখে এখন মৌচাক নির্বাচন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—কে হচ্ছেন মৌচাকের চেয়ারম্যান। প্রার্থীরাও বসে নেই। তাঁরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তবে উপজেলার ভান্নারা এলাকার বাসিন্দা রহিম বাদশা বলেন, ‘টাকা দিয়ে এখন আর ভোট কেনা যাবে না। ভোটাররা অনেক সচেতন। তাঁরা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন।’ নির্বাচনী কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে পাঁচজন, নয়টি সাধারণ সদস্যের বিপরীতে ৪৪ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্যদের বিপরীতে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়া ৬০ জনকে এরই মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ইয়াসিন সরকার (আনারস), জেলা যুবদলের সহ-সভাপতি আজহারুল ইসলাম (তালা), উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান শাহ আলম (দোয়াত-কলম) ও ইউনিয়ন বিএনপির সভাপতি কামারুজ্জামান (টেলিফোন)। শিল্পসমৃদ্ধ মৌচাক ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫৯ হাজার ৪২৮ জন। এদের মধ্যে ৩০ হাজার ৪৬১ জন পুরুষ ও ২৮ হাজার ৯৬৭ জন নারী ভোটার। ২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।