মৌচাক বাড়ি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামে একটি বাড়ির ভবনে ও ভবনের পাশের গাছের ডালে মৌমাছিরা অর্ধশতাধিক চাক বেঁধেছে। বাড়িতে এত মৌচাকের কারণে সবাই এক নামে এটিকে ‘মৌচাক বাড়ি’ বলে চেনেন।
এলাকার কয়েকজন বলেন, লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া গ্রামের বীরেন্দ্র মোহন চক্রবর্তীর বাড়িতে তাঁর চার ছেলে বাস করেন। তাঁদের মধ্যে বিকাশ চক্রবর্তীর ভবনে মৌমাছি চাক বেঁধেছে। দূর থেকে বাড়িটি দেখলে মনে হয় যেন মৌমাছির বাড়ি। প্রতিদিন মানুষ চাক দেখতে আসে।
বিকাশ চক্রবর্তী বলেন, তিনি ঢাকায় ব্যবসা করেন। ২০০৯ সালে গ্রামের বাড়িতে ভবনটি করেন। তারপর থেকেই মৌমাছিরা এসে দু-একটি করে চাক তৈরি করে। চার-পাঁচ বছর ধরে তাঁর ভবন ও ভবনটির পাশের গাছে সারা বছর অর্ধশতাধিক মৌচাক থাকে।
সম্প্রতি ওই বাড়িতে গিয়ে ৫৩টি মৌচাক দেখা যায়। বিকাশ চক্রবর্তীর ভাই বাদল চক্রবতী বলেন, সারা বছর মৌচাক থাকলেও সরিষা চাষের মৌসুমে চাকের পরিমাণ বেড়ে যায়। বছরে তাঁরা চাকগুলো থেকে সাড়ে চার থেকে পাঁচ মণ মধু সংগ্রহ করতে পারেন।