মৌচাকে জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৌচাক এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মালিবাগ মোড় ও মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।রমনা ও শাহবাগ থানা সূত্র জানায়, জামায়াত ও ছাত্রশিবিরের কর্মী সন্দেহে পুলিশ মৌচাক এলাকা থেকে ২৬ জন ও রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ২১ জনকে আটক করে। রমনা অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের অনুমতি না নিয়ে জামায়াত মিছিল বের করে। লাঠিসোঁটা নিয়ে তারা পুলিশকে আক্রমণ করে। এরপর পুলিশ প্রতিহত করে। পুলিশের ওপর আক্রমণের ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সেক্রেটারি ও সাংসদ হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মীদের হাতে লাঠিসোঁটা ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে সমাবেশ শেষ করি। কর্মীরা চলে যাওয়ার পথে পুলিশ লাঠিপেটা করে।’দলীয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচি ছিল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার শুরুর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করতে না পেরে বিকেল সোয়া চারটার দিকে জামায়াতের কর্মীরা রাজধানীর কাকরাইল এলাকায় জড়ো হন। তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করে শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলের সহকারী সেক্রেটারি মুজিবুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য তাসনীম আলম, মহানগর আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বক্তব্য দেন।সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ ধাওয়া করে লাঠিপেটা শুরু করলে মুহূর্তেই তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাস ছোড়ে। ইটের আঘাতে পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন বলে পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার নুরুল ইসলাম জানিয়েছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার অনুমতি ছিল না। সেখানে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ২১ জনকে আটক করে।রমনা থানার উপপরিদর্শক সোহেল রানা বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারলে পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করে।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল এক বিবৃতিতে বলেন, মিছিল ও সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করে পুলিশ মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে।