মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে শুক্রবার সন্ধ্যায় মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই মহিলাসহ তিনজন আহত হয়েছে। গুরুতর এক মহিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধায় মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে উপজেলা পরিষদসংলগ্ন আলমগীর হোসেনের ছেলে বাহাদুর খান আশিকের সঙ্গে একই এলাকার ভ্যানচালক জয়নাল হোসেনের ছেলে রুবেল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। তখন নাইঘর গ্রামের সামছুন নাহার (৫০) উভয়কে মীমাংসার জন্য এগিয়ে গেলে বাহাদুরের লাঠির আঘাতে তিনি মারাত্মক আহত হন। প্রথমে ব্রাহ্মণপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সময় থানার পুলিশ এসে বাহাদুরকে আটক করে নিয়ে যায়। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিরা হলেন বিলকিছ আক্তার ও বাহাদুর খান আশিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। থানার উপপরিদর্শক লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।