মৌচাকে পুলিশের ওপর ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৌচাকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের ওপর ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ওই ককটেল বিস্ফোরণে পুলিশের এক সদস্যসহ কয়েকজন আহত হন। হামলাকারীদের উদ্দেশে পুলিশ কয়েকটি গুলিও ছোড়ে। ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে মৌচাক মার্কেটের সামনে ওভারব্রিজের নিচে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাশের একটি বহুতল ভবন থেকে পর পর দুটি ককটেল ছোড়া হয়। ককটেল বিস্ফোরণে পুলিশ কনস্টেবল মো. শহিদুলসহ বেশ কয়েকজন আহত হন। শহিদুলকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ককটেল হামলার পর পুলিশ সন্দেহজনক কয়েকটি স্থান লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে এক নারী আহত হন বলে জানা গেছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, একটি ভবনের ওপর থেকে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।